মাটিরাঙ্গায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

খাগড়াছড়ি জাতীয় মাটিরাঙ্গা

জসীম উদ্দিন জয়নাল : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণতন্ত্র ও বৈষম্যহীন বাংলাদেশ গঠন’ প্রতিপাদ্যে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীতি পিয়া, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহেদ উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুমেন চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাহাবুদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি জসীম উদ্দিন জয়নাল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, জুলাই আন্দোলনের উপজেলা সমন্বয়ক মো. দিদারুল হোসেনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণতান্ত্রিক মূল্যবোধ, ন্যায়বিচার এবং দেশ গঠনে তরুণদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বৈষম্যহীন, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে ইউএনও উম্মে তাহমিনা মিতু বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ আন্দোলনের আদর্শ ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *