মোবারক হোসেন, খাগড়াছড়ি: খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে দুর্গম পাহাড়ি এলাকার প্রান্তিক কৃষকদের কৃষি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে আয়োজিত ১৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুল্যাতলী আর্মি ক্যাম্পের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম। অনুষ্ঠানে প্রশিক্ষণে অংশ নেওয়া কৃষকদের মধ্যে সনদপত্র বিতরণের পাশাপাশি বীজ, স্প্রেয়ার মেশিন ও কম্পোস্ট সারসহ বিভিন্ন কৃষি উপকরণ দেওয়া হয়।
এ সময় জোন অধিনায়ক বলেন, বাংলাদেশ কৃষিনির্ভর দেশ। সমতলের পাশাপাশি দুর্গম পাহাড়ি এলাকাতেও কৃষির উন্নয়ন ঘটাতে আধুনিক প্রযুক্তি ও উন্নত প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের দক্ষ করে তোলা প্রয়োজন। কৃষকদের আধুনিক কৃষি সরঞ্জাম ব্যবহারে সক্ষম করে তুলতে পারলে কৃষি উৎপাদন আরও বাড়বে এবং কৃষিনির্ভর অর্থনীতি সমৃদ্ধ হবে।
অনুষ্ঠানে জোন উপ-অধিনায়ক মেজর রাজু হোসেন, প্রশিক্ষক ও লক্ষ্মীছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা রতন বর্মনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
