ছানোয়ার হোসেন :
খাগড়াছড়ির মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা ২০২৬-২৭ (সিজন-২) উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৫ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৩টায় মহালছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে মহালছড়ি উপজেলা প্রান্তও যুক্ত হয়।
উপজেলা পর্যায়ের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রবীণ চাকমা, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আলমগীর হোসেন, মহালছড়ি থানার উপপরিদর্শক (এসআই) রাজিব দে এবং মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ছানোয়ার হোসেন।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান ও প্রতিনিধিবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য, ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশ, শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত এবং মাদক ও সামাজিক অবক্ষয় থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে ধরতেও এ আয়োজন সহায়ক হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
