ছোটন বিশ্বাস: খাগড়াছড়িতে নানা ধর্মীয় কর্মসূচির মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। ৪ সেপ্টেম্বর শুক্রবার সকালে বাংলাদেশ শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে ধর্মীয় পতাকা ও বেলুন উড়িয়ে দিনের কর্মসূচির উদ্বোধন করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা। পরে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা খাগড়াছড়ি লক্ষ্মী নারায়ণ মন্দিরে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ধর্মীয় আলোচনা সভা। এতে শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশের খাগড়াছড়ি শাখার সভাপতি ধনা চন্দ্র সেনের সভাপতিত্বে বক্তব্য দেন খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য এম এন আবছারসহ পরিষদের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।
আলোচনায় বক্তারা ভগবান শ্রীকৃষ্ণের জীবনাদর্শ ও মানবকল্যাণের শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে ন্যায় ও সত্য প্রতিষ্ঠার বার্তা শ্রীকৃষ্ণের জীবনাদর্শের অন্যতম প্রধান শিক্ষা। মানুষের কল্যাণ, ন্যায়বিচার ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় তাঁর আদর্শ অনুসরণ করার আহ্বান জানান বক্তারা।
বক্তারা আরও বলেন, জন্মাষ্টমী শুধু একটি ধর্মীয় উৎসব নয়; এটি ন্যায়, সত্য, মানবতা ও অসুর শক্তির বিরুদ্ধে শুভ শক্তির বিজয়ের প্রতীক। সমাজে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখতে এ শিক্ষাকে ধারণ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
জন্মাষ্টমী উপলক্ষে খাগড়াছড়ি সদরসহ জেলার বিভিন্ন উপজেলার মন্দির থেকেও ব্যানার ও ফেস্টুন নিয়ে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী অংশ নেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপন করা হয়।
