মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

অর্থনীতি খাগড়াছড়ি জাতীয় মহালছড়ি

ছানোয়ার হোসেন :

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।

৮ নভেম্বর রবিবার সকাল ১০টায় উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপকারভোগীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। র‍্যালি শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মির্জা জহির উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ধনিষ্ঠা চাকমা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জহিরুল হক, কাঠ ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের মো. ইসমাইল হোসেন সওদাগর এবং মহালছড়ি প্রেস ক্লাবের সভাপতি দীপক সেন।

এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সমবায় সমিতির প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পিপলু রাখাইনের সঞ্চালনায় আলোচনা সভায় বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ নিজ নিজ প্রতিষ্ঠানের কার্যক্রম ও সাফল্য তুলে ধরেন।

বক্তারা সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন এবং আত্মনির্ভরশীল সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে কাঠ ব্যবসায়ী সমিতি, হিলবুড্ডিস্ট কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড, সিএনজি মালিক সমবায় সমিতি এবং ক্যায়াংঘাট পানি উন্নয়ন বোর্ড সমবায় সমিতি লিমিটেডের প্রতিনিধিরা বক্তব্য দেন।

আলোচনা সভা শেষে বিভিন্ন সমবায় সমিতির কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ উপজেলা সমবায় কার্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *