প্রতিনিধি:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক খামারিদের দক্ষতা বৃদ্ধি, গবাদিপশু ও হাঁস-মুরগির রোগ প্রতিরোধ এবং সঠিক পরিচর্যা সম্পর্কে সচেতনতা বাড়াতে খাগড়াছড়ির লক্ষীছড়িতে প্রাণিসম্পদ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
৯ নভেম্বর সোমবার সকালে গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষীছড়ি সেনা জোনের উদ্যোগে বার্মাছড়ি আর্মি ক্যাম্পে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন লক্ষীছড়ি জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর নাহিয়ান ইমতিয়াজ। এ সময় বার্মাছড়ি আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শাহরিয়ার আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও ভেটেরিনারি সার্জন ডা. মো. শফিউল ইসলাম, সহকারী ত্রিপণ চাকমা এবং বার্মাছড়ি ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে দুর্গম বার্মাছড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকার প্রান্তিক খামারিরা অংশগ্রহণ করেন। এ সময় গবাদিপশু, ছাগল, হাঁস-মুরগি ও শূকর পালন, বিভিন্ন রোগ শনাক্তকরণ, রোগ প্রতিরোধ, টিকাদান, কৃমিনাশক ওষুধের সঠিক ব্যবহার, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং অসুস্থ প্রাণীর প্রাথমিক পরিচর্যা বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণের মাধ্যমে খামারিদের আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পশুপাখি পালনের বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি প্রাণিসম্পদের স্বাস্থ্য সুরক্ষা এবং খামার ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সতর্কতা সম্পর্কেও প্রশিক্ষণার্থীদের অবহিত করা হয়।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী খামারিদের মধ্যে প্রয়োজনীয় পশু-পাখির ওষুধ বিতরণ করা হয়।
এ ধরনের উদ্যোগ দুর্গম এলাকার প্রান্তিক খামারিদের প্রাণিসম্পদ পালন সম্পর্কে দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
