ছানোয়ার হোসেন :
খাগড়াছড়ির মহালছড়িতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ অক্টোবর শনিবার বিকেল ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবু দাশ। এ সময় উপস্থিত ছিলেন মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ছানোয়ার হোসেন, ১ নম্বর মহালছড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মানিক রঞ্জন খীসা, ৪ নম্বর মাইসছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজাই মারমা, মুবাছড়ি ও ক্যায়াংঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের প্রতিনিধি এবং বিভিন্ন বৌদ্ধ বিহারের ভান্তেগণ।
সভায় ২৫ ও ২৬ অক্টোবর রোববার ও সোমবার উপজেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে ফানুস উড্ডয়নসহ ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে প্রবারণা পূর্ণিমা উদযাপনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। উৎসবটি শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তা, সমন্বয় ও সার্বিক সহযোগিতার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
প্রবারণা পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এ উপলক্ষে মহালছড়ির বিভিন্ন বৌদ্ধ বিহারে প্রার্থনা ও ধর্মীয় আনুষ্ঠানিকতার প্রস্তুতি চলছে।
