ইমরান হোসেন জুমান :
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার রানাসাবা পাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় পিস্তল, গুলি, মোটরসাইকেলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোন। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ইউপিডিএফ (মূল) দলের কথিত চিফ কালেক্টর রূপেশ চাকমা ওরফে ইয়াং বাবু পালিয়ে যান বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
৭ নভেম্বর শনিবার বাঘাইহাট জোনের দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, পার্বত্য চট্টগ্রামে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধের লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে রানাসাবা পাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি বুঝতে পেরে রূপেশ চাকমা ঘটনাস্থল থেকে সরে যান। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে একটি দেশীয় পিস্তল, তিনটি গুলি, একটি দেশীয় চাকু, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি চার্জার, একটি ফোনের কভার, কালো রঙের একটি টাকা সংগ্রহের ব্যাগ, লাইটারের একটি ব্যাটারি, চারটি কম্বল, নগদ টাকা, চাঁদা আদায়ের সাতটি রশিদ বই, একটি বাজাজ প্লাটিনা মোটরসাইকেল, পরিচয়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র।
সূত্রের দাবি, রূপেশ চাকমা ওরফে ইয়াং বাবু ইউপিডিএফ (মূল) দলের চিফ কালেক্টর হিসেবে শুকনাছড়া ও রানাসাবা এলাকায় কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা বজায় রাখা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
