মহালছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা

খাগড়াছড়ি মহালছড়ি 🏛️ রাজনীতি

ছানোয়ার হোসেন :

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খাগড়াছড়ির মহালছড়িতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

৮ নভেম্বর রবিবার বিকেল ৩টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহালছড়ি উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ উপলক্ষে মহালছড়ি উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি স্থানীয় বাজার, বাস টার্মিনাল ও থানা ঘাট এলাকা প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে উপজেলার চারটি ইউনিয়ন থেকে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জহিরুল হক, সিনিয়র সহসভাপতি ও ৪ নম্বর মাইসছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল আজিজ মেম্বার, সাংগঠনিক সম্পাদক মো. রাজু আহমদ, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নুরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

র‍্যালি শেষে দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আব্দুল ছাত্তার মেম্বারের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জহিরুল হক ও সভাপতি মো. আনোয়ার হোসেন।

বক্তারা বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় সংহতির ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি দিন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা। পাশাপাশি ভবিষ্যতের দলীয় কর্মসূচি সফল করতে সকল নেতাকর্মীকে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে দোয়ার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *