মহালছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

খাগড়াছড়ি পরিবেশ মহালছড়ি

ছানোয়ার হোসেন:

‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে খাগড়াছড়ির মহালছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

১৩ অক্টোবর মঙ্গলবার  সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন। সভা সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রবীণ চাকমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নম্বর মহালছড়ি সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মানিক রঞ্জন খীসা, মহালছড়ি থানার এসআই মাসুম আলম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ছানোয়ার হোসেন এবং উপজেলা খাদ্য কর্মকর্তা সুমিত কুমার চাকমা।

এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, যুব রেড ক্রিসেন্টের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং ক্ষয়ক্ষতি কমাতে পারিবারিক পর্যায়ে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় সচেতনতা, সঠিক পরিকল্পনা ও কার্যকর ব্যবস্থাপনা জরুরি। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দুর্যোগ সহনশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *