দীঘিনালায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

অপরাধ খাগড়াছড়ি দীঘিনালা মাদক

মো. সোহেল রানা: মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খাগড়াছড়ির দীঘিনালার মেরুং বাজারে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৯ আগস্ট বুধবার বেলা ১১টায় দীঘিনালা থানা পুলিশের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

‘মাদকমুক্ত করব দেশ, সবার আগে বাংলাদেশ’ এবং ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ স্লোগান নিয়ে র‍্যালিটি মেরুং বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বাজার এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে মাদকের ক্ষতিকর প্রভাব তুলে ধরে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখার আহ্বান জানানো হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, এসআই রাজিব শেখ, উপজেলা যুবদলের সদস্যসচিব জাহাঙ্গীর আলম দুলালসহ দীঘিনালা থানা ও মেরুং পুলিশ ফাঁড়ির সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, মাদক শুধু একজন ব্যক্তির ক্ষতি করে না, এর প্রভাব পরিবার ও সমাজেও পড়ে। মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন ও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, মাদক বিক্রি, সরবরাহ ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাদকসংক্রান্ত কোনো তথ্য থাকলে পুলিশকে জানানোর জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *