ছোটন বিশ্বাস : খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া ধর্মের নামে অপব্যবহার ও ব্যক্তিস্বার্থে ধর্মকে ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। ৩১ জুলাই শুক্রবার খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় নির্বাচন-পরবর্তী প্রথম উপজেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, দীর্ঘ ১৮ বছর পর জনগণের ভোটে বিএনপি দায়িত্ব পালনের সুযোগ পেয়েছে। তাই জনগণের প্রত্যাশা পূরণে নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণ করতে হবে। ক্ষমতার অপব্যবহার বা জনভোগান্তির কারণ হয়—এমন কোনো কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকারও আহ্বান জানান তিনি।
আব্দুল ওয়াদুদ ভূঁইয়া বলেন, অতীতে বিভিন্ন অনিয়মে মানুষ অতিষ্ঠ ছিল। নতুন পরিস্থিতিতে জনগণের আস্থা ধরে রাখতে দলের নেতাকর্মীদের সততা, জবাবদিহি ও জনসেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে। তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে সরকার দেশের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এবং খাগড়াছড়ির সার্বিক উন্নয়নে তিনি কাজ করে যাবেন।
সম্মেলনে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, সাধারণ সম্পাদক এম. এন. আবছার, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ম্রাচাথোয়াই মারমা, জেলা যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টুসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মীর হোসেন।
সম্মেলন শেষে মানিকছড়ি উপজেলা বিএনপির ১০১ সদস্যবিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।
