মো. সোহেল রানা :
খাগড়াছড়ির দীঘিনালায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ সহায়তা বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খাগড়াছড়ি ইউনিট। ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে মেরুং ইউনিয়ন পরিষদ কার্যালয় ও উপজেলা পরিষদ হলরুমে ক্ষতিগ্রস্ত অসহায় ও নিম্নআয়ের পরিবারের মধ্যে এ সহায়তা দেওয়া হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য মো. মোশাররক হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য ও দীঘিনালা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শান্তিপ্রিয় চাকমাসহ সংশ্লিষ্টরা।
সহায়তার মধ্যে ছিল চাল, তেল, ডাল, চিনি ও লবণসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী। পাশাপাশি প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে বিকাশের মাধ্যমে ৮ হাজার টাকা করে নগদ সহায়তা দেওয়া হয়।
ত্রাণ বিতরণকালে প্রধান অতিথি মো. মোশাররক হোসেন বলেন, দুর্যোগ ও সংকটের সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো জরুরি। প্রয়োজনের মুহূর্তে সহায়তা পৌঁছে দেওয়ার মাধ্যমে মানুষের দুর্ভোগ কিছুটা কমানো সম্ভব। এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
রেড ক্রিসেন্টের সহায়তা পেয়ে উপকারভোগী পরিবারগুলো কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, বন্যায় অনেক পরিবারের ঘরবাড়ি ও প্রয়োজনীয় জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময়ে খাদ্যসামগ্রী ও নগদ সহায়তা তাদের দৈনন্দিন সংকট মোকাবিলায় কিছুটা স্বস্তি দেবে।
স্থানীয়রাও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য আরও সহায়তা প্রয়োজন বলে জানিয়েছেন। দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমেও সংশ্লিষ্টদের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তারা।
