মাটিরাঙ্গায় বন্যাদুর্গতদের জন্য ৬টি পয়েন্টে ওএমএসের চাল-আটা বিক্রি শুরু

খাগড়াছড়ি অর্থনীতি পার্বত্য চট্টগ্রাম মহালছড়ি মাটিরাঙ্গা

জসীম উদ্দিন জয়নাল : সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও নিম্নআয়ের মানুষের খাদ্য সহায়তা নিশ্চিত করতে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সরকারের খোলা বাজারে বিক্রয় (ওএমএস) কার্যক্রম শুরু হয়েছে। ২৩ জুলাই বৃহস্পতিবার সকালে মাটিরাঙ্গা হাসপাতাল গেটসংলগ্ন ডিলার পয়েন্টে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা খাদ্য কর্মকর্তা মো. ফরিদ আহমেদ। এ সময় উপজেলা খাদ্য কার্যালয়ের তদারকি কর্মকর্তা অরুণ কান্তি পাল, সংশ্লিষ্ট ডিলার রবিউল ইসলাম এবং স্থানীয় সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য কার্যালয় সূত্রে জানা যায়, পৌর এলাকার মোট ছয়টি নির্ধারিত স্থানে পর্যায়ক্রমে ওএমএসের মাধ্যমে চাল ও আটা বিক্রি করা হবে। প্রতিদিন রোটেশন পদ্ধতিতে দুটি বিক্রয় কেন্দ্রে কার্যক্রম পরিচালিত হবে। প্রতিটি কেন্দ্রে প্রতিদিন এক মেট্রিক টন চাল ও ৫০০ কেজি আটা বরাদ্দ রাখা হয়েছে।

এ কর্মসূচির আওতায় একজন ক্রেতা সর্বোচ্চ ৫ কেজি চাল প্রতি কেজি ৩০ টাকা এবং আড়াই কেজি আটা প্রতি কেজি ২৪ টাকা দরে কিনতে পারবেন। আগামী আগস্ট মাস পর্যন্ত এ কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নির্ধারিত বিক্রয় কেন্দ্রগুলো হলো— মাটিরাঙ্গা হাসপাতাল গেট, মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে, আলিশান ভাতঘরের পাশের মুসলিমপাড়া, চৌধুরীঘাট, ইসলামপুর এবং মাটিরাঙ্গা পৌরসভা গেট।

মাটিরাঙ্গা উপজেলা খাদ্য কর্মকর্তা মো. ফরিদ আহমেদ বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত ও স্বল্প আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার এ বিশেষ ওএমএস কার্যক্রম চালু করেছে। সঠিক দামে, সঠিক মাপে এবং স্বচ্ছতার সঙ্গে খাদ্যশস্য বিতরণ নিশ্চিত করতে উপজেলা খাদ্য বিভাগ নিয়মিত তদারকি করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *