পাহাড়ে বেকার যুবকদের কর্মসংস্থানে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণ

🎓 শিক্ষা খাগড়াছড়ি গুইমারা

প্রতিনিধি:

খাগড়াছড়ির গুইমারা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরিতে কারিগরি প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। ৩ সেপ্টেম্বর থেকে গুইমারা রিজিয়নের ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, সিন্দুকছড়ি জোনের উদ্যোগে ১০ জন বেকার যুবককে নিয়ে দুই সপ্তাহব্যাপী ‘ভেহিক্যাল রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স ওয়ার্কশপ’ বিষয়ক প্রশিক্ষণ চলছে।

উপজেলা সদরের রামসু বাজারের একটি মোটরসাইকেল ওয়ার্কশপে পরিচালিত এ প্রশিক্ষণে তিনজন দক্ষ প্রশিক্ষক অংশগ্রহণকারীদের হাতে-কলমে মোটরসাইকেল মেরামত ও রক্ষণাবেক্ষণের বিভিন্ন কৌশল শেখাচ্ছেন। পাশাপাশি মোটরসাইকেলের বিভিন্ন যন্ত্রাংশের পরিচিতি, ব্যবহার ও রক্ষণাবেক্ষণ সম্পর্কেও ব্যবহারিক ধারণা দেওয়া হচ্ছে।

আয়োজকরা জানান, প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় বেকার যুবকদের কারিগরি জ্ঞান ও দক্ষতা বাড়ানোর পাশাপাশি তাদের আত্মনির্ভরশীল করে তোলাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। প্রশিক্ষণ শেষে অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে তারা স্থানীয়ভাবে কাজের সুযোগ তৈরি করতে পারবেন।

সংশ্লিষ্টদের মতে, মোটরসাইকেল মেরামতের মতো ব্যবহারিক কারিগরি দক্ষতা অর্জন করলে প্রশিক্ষণার্থীরা চাকরির পাশাপাশি নিজ উদ্যোগে ওয়ার্কশপ স্থাপনের সুযোগও পেতে পারেন। এতে ব্যক্তিগত কর্মসংস্থানের পাশাপাশি স্থানীয় পর্যায়েও সেবার সুযোগ বাড়বে।

আয়োজকদের প্রত্যাশা, প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে আয় করার সুযোগ তৈরি করতে পারবেন। একই সঙ্গে পরিবারের আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধির পাশাপাশি এলাকার অন্যান্য বেকার যুবকদেরও কারিগরি কাজে উৎসাহিত করতে এ প্রশিক্ষণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *