পানছড়িতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ফার্মেসিকে জরিমানা

অপরাধ খাগড়াছড়ি পানছড়ি

আরিফুল ইসলাম মহিন:

খাগড়াছড়ির পানছড়িতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে দুই ফার্মেসিকে মোট ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেট ও পানছড়ি বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা নাসরিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে জনপ্রিয় ফার্মেসিকে ২ হাজার টাকা এবং শেফালী ট্রেডার্সকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে জনপ্রিয় ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধের পাশাপাশি চিকিৎসকের জন্য নির্ধারিত পিজিশিয়ান স্যাম্পল ওষুধ পাওয়া যায় বলে জানানো হয়। একইভাবে শেফালী ট্রেডার্স থেকেও মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠান দুটিকে অর্থদণ্ড দেওয়া হয়।

পানছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা জানান, জনপ্রিয় ফার্মেসি নিয়ে এর আগেও অভিযোগ পাওয়া গিয়েছিল এবং প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন বলেন, অভিযানে দুই প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে। জনপ্রিয় ফার্মেসিতে এর সঙ্গে পিজিশিয়ান স্যাম্পল ওষুধও পাওয়া যায়। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, মেয়াদ ও গুণগত মান যাচাই না করে ওষুধ সংরক্ষণ বা বিক্রি করা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা, স্যানিটারি ইন্সপেক্টর মাকসুদুর রহমান এবং পানছড়ি থানার সাব-ইন্সপেক্টর সুজায়েত হোসেন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *