মো. শরিফুল ইসলাম ভূঁইয়া আসাদ :
সাজেকে সড়ক অবরোধ চলাকালে অবরোধকারীদের ওপর হামলার অভিযোগের প্রতিবাদে খাগড়াছড়ি ও রাঙামাটিতে আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ। ২৪ অক্টোবর শনিবার সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে খাগড়াছড়িতে বিচ্ছিন্নভাবে পিকেটিং ও সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনা ঘটে। তবে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় বড় ধরনের সংঘাতের খবর পাওয়া যায়নি।
অবরোধ চলাকালে খাগড়াছড়ি জেলা সদরের ফায়ার সার্ভিস এলাকা ও রেড স্কয়ার এলাকায় টায়ার জ্বালিয়ে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন পিকেটাররা। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে তাঁরা ঘটনাস্থল ত্যাগ করেন বলে জানা গেছে।
এ ছাড়া খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের বাইল্ল্যাছড়ি, পানছড়ি সড়ক এবং সাজেক সড়কের বিভিন্ন স্থানে কাঠের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির খবর পাওয়া গেছে।
অবরোধের কারণে খাগড়াছড়ির সঙ্গে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন গন্তব্যে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ ছিল। জেলার নয়টি উপজেলাতেও যানবাহন চলাচল তুলনামূলক কম ছিল।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করেছে সেনাবাহিনী ও পুলিশ। পাশাপাশি বিভিন্ন এলাকায় টহল কার্যক্রম চালানো হচ্ছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, অবরোধ চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে। চেঙ্গী স্কয়ার, স্বনির্ভর, জিরো মাইল ও আলুটিলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে। এ ছাড়া পুলিশের দুটি মোবাইল টিম দায়িত্ব পালন করছে।
