নির্যাতনের শিকার তানিয়ার পাশে খাগড়াছড়ি মহিলা দল

খাগড়াছড়ি অপরাধ 🏛️ রাজনীতি

নাঈমুল ইসলাম ভূঁইয়া:

ঢাকায় গৃহকর্মীর কাজ করতে গিয়ে নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ ওঠা তানিয়ার শারীরিক ও পারিবারিক পরিস্থিতির খোঁজ নিয়েছেন খাগড়াছড়ি জেলা জাতীয়তাবাদী মহিলা দলের নেতৃবৃন্দ। ১৪ সেপ্টেম্বর সোমবার বিকেলে তারা তানিয়া ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া এবং খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাথ বিথীর নির্দেশনায় জেলা মহিলা দলের সভাপতি ও জেলা পরিষদ সদস্য কুহেলী দেওয়ান এবং সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য তাসলিমা সিরাজ সীমা তানিয়ার খোঁজখবর নেন।

এ সময় নেতৃবৃন্দ তানিয়ার শারীরিক অবস্থার বিষয়ে জানতে চান এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। একই সঙ্গে সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার পক্ষ থেকে তানিয়ার চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তার জন্য আর্থিক সহযোগিতা দেওয়া হয়।

তানিয়ার ওপর কথিত নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মহিলা দলের নেতৃবৃন্দ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান। ভবিষ্যতে কোনো গৃহকর্মী যেন নির্যাতন বা অমানবিক পরিস্থিতির শিকার না হন, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

নেতৃবৃন্দ বলেন, গৃহকর্মীরাও সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের নিরাপত্তা, মর্যাদা ও মানবিক অধিকার নিশ্চিত করা পরিবার, সমাজ ও রাষ্ট্রের সবার দায়িত্ব।

তারা তানিয়ার চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার পাশাপাশি তার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *