নিজস্ব সংবাদদাতা: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা সুন্নিয়া দাখিল মাদরাসায় দাখিল পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৪ আগস্ট সোমবার সকাল সাড়ে ১০টায় মাদরাসা অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।
মাদরাসার সিনিয়র শিক্ষক আবদুল মোমিন ও মাওলানা ইউসুফ আলীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে বক্তব্য দেন মাদরাসার সুপার মুফতি মির্জা মো. মজিবুল হক, যোগ্যাছোলা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল মান্নান, আল হেরা বিদ্যানিকেতনের অধ্যক্ষ মাওলানা জসিম উদ্দিন, সিনিয়র শিক্ষক মাওলানা মো. জয়নাল আবেদীন, মাদরাসা কমিটির সদস্য ডা. মহিউদ্দিন এবং শিক্ষক মাওলানা বেলাল উদ্দিন, মাওলানা ওবায়দুল্লাহ ও মাওলানা মো. ইউনুছ মিয়াসহ অনেকে।
বক্তারা কৃতি শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও ইসলামী মূল্যবোধের চর্চার ওপর গুরুত্বারোপ করেন তারা।
আলোচনা শেষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়।
