মহালছড়িতে আইনশৃঙ্খলা সভায় মাদক ও জুয়া প্রতিরোধে গুরুত্ব

অপরাধ খাগড়াছড়ি মহালছড়ি

ছানোয়ার হোসেন :

খাগড়াছড়ির মহালছড়িতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবু দাশ। এতে মহালছড়ি জোনের প্রতিনিধি ওয়ারেন্ট অফিসার মো. শাহীন, মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. জহিরুল হক, মহালছড়ি প্রেসক্লাবের সভাপতি দীপক সেন ও সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেনসহ কমিটির সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, মাদক ও জুয়া প্রতিরোধ, বাজার ব্যবস্থাপনা এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি ব্যবহার করে অপপ্রচার, ভুয়া ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার রোধ এবং শিক্ষার পরিবেশ উন্নয়নের বিষয়েও গুরুত্বারোপ করা হয়। মাদকমুক্ত সমাজ গঠন ও অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন সভার অংশগ্রহণকারীরা।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *