প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম ও জীবনদর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে রাঙামাটির বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে স্থানীয় নজরুল চর্চাকারীদের সমন্বয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অভি দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম ফকির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্যের প্রতিনিধি মো. জাফর আহাম্মদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুরজিত দত্ত, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাজেশ প্রসাদ রায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওসমান গনি, চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান ও জামাইয়া তঞ্চঙ্গ্যা।
এ ছাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা নিরালা কান্তি চাকমা, উপজেলা প্রকৌশলী মো. আমজাদ হোসেন, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা এবং বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও কর্মচারীরা অংশ নেন।
কর্মশালায় বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য ও সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তাঁর কবিতা, গান ও অন্যান্য সৃষ্টিকর্মে সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা, শোষিত মানুষের অধিকার এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের বার্তা তুলে ধরা হয়েছে।
তাঁরা আরও বলেন, নজরুলের জীবনদর্শন ও সাহিত্য মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁর সৃষ্টিকর্ম নিয়ে নিয়মিত চর্চা ও গবেষণার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে নজরুলের আদর্শ তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত পালিত নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত এ কর্মশালার মাধ্যমে স্থানীয় পর্যায়ে নজরুলচর্চা আরও বিস্তৃত হবে এবং নতুন প্রজন্ম জাতীয় কবির সাহিত্য ও আদর্শ সম্পর্কে জানার সুযোগ পাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
