দীঘিনালার আবাসিক হোটেলে অভিযান ৩ জন গ্রেপ্তার

খাগড়াছড়ি অপরাধ দীঘিনালা

মো. সোহেল রানা :

খাগড়াছড়ির দীঘিনালায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে মাদক সেবনের সরঞ্জাম, অ্যালকোহল ও ইয়াবা সেবনের আলামতসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলার বোয়ালখালী বাজারের ‘হোটেল একতা ইন’-এর তৃতীয় তলার ৩০৭ নম্বর কক্ষে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. বাবুল মিয়া ওরফে বাবলু (৩৩), আব্দুর রহিম (২৪) এবং মো. শরীফুল ইসলাম ওরফে শরীফুল আলম (৩৩)। তারা দীঘিনালা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এতে দীঘিনালা থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

অভিযানে হোটেলের ৩০৭ নম্বর কক্ষ থেকে ৩৭৫ মিলিলিটারের একটি কাচের বোতলে আনুমানিক ১০ মিলিলিটার ভদকা উদ্ধার করা হয়েছে বলে জব্দ তালিকায় উল্লেখ করা হয়। পুলিশের দাবি, এ ছাড়া গলিত ইয়াবার আলামতযুক্ত চারটি ফয়েল পেপার, বিভিন্ন রঙের ১০টি বোতলের ছিপি, তিনটি মাদক সেবনের পাইপ, পাঁচটি লাইটার এবং মাদক সেবনে ব্যবহৃত একটি পাঁচ টাকার নোটও উদ্ধার করা হয়েছে।

দীঘিনালা থানা সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে ওই কক্ষে ইয়াবা ও অ্যালকোহল সেবনের কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে। পরে জব্দ তালিকা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশনা অনুযায়ী তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল চৌধুরী বলেন, অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মামলাটির তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *