নাইক্ষ্যংছড়িতে গৃহবধূ নিহতের ঘটনায় স্বামী আটক

বান্দরবান অপরাধ পার্বত্য চট্টগ্রাম

মোহাম্মদ ইউনুছ :

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আয়েশা বেগম (৩০) নামে এক গৃহবধূ নিহতের ঘটনায় তার স্বামী ছৈয়দ আহমদকে আটক করেছে পুলিশ। ১৪ সেপ্টেম্বর সোমবার রাতে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জামিরতলী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আয়েশা বেগমের সঙ্গে স্থানীয় এক ব্যক্তির কথিত সম্পর্ক নিয়ে স্বামীর মধ্যে সন্দেহ ও বিরোধ ছিল। এ বিষয়কে কেন্দ্র করে ১৩ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় আয়েশা বেগম, ওই ব্যক্তি ও ছৈয়দ আহমদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে বলে জানা গেছে।

পুলিশের প্রাথমিক তথ্যমতে, ওই বিরোধের পর আয়েশা বেগমকে মারধর করা হয়। পরে তিনি গুরুতর আহত হয়ে মারা যান বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে তদন্ত চলছে।

ঘটনার পর ছৈয়দ আহমদ জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন। পরে নাইক্ষ্যংছড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে অভিযান চালিয়ে তার স্বামীকে আটক করা হয়।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের বাবার কাছ থেকে এজাহার নেওয়ার পর এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *