লক্ষ্মীছড়ির দুল্লাতলীতে প্রান্তিক কৃষকদের কৃষি প্রশিক্ষণ

খাগড়াছড়ি অর্থনীতি লক্ষ্মীছড়ি

মোবারক হোসেন :

দুর্গম পাহাড়ি এলাকার প্রান্তিক কৃষকদের আধুনিক কৃষি পদ্ধতি ও উৎপাদন ব্যবস্থাপনায় দক্ষ করে তুলতে খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে কৃষি প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে দুল্লাতলী ইউনিয়ন ও আশপাশের এলাকার ২০ জন কৃষককে নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোনের ব্যবস্থাপনায় এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হয়।

দুল্লাতলী আর্মি ক্যাম্প কমান্ডার মেজর নাহিয়ান ইমতিয়াজ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় লক্ষ্মীছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মন এবং দুল্লাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ত্রিলন চাকমা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, দুই সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণে পাহাড়ি এলাকার পরিবেশ ও বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক ও টেকসই কৃষি পদ্ধতি, ফসল উৎপাদন, কৃষি ব্যবস্থাপনা এবং বিভিন্ন চাষাবাদ কৌশল সম্পর্কে কৃষকদের তাত্ত্বিক ও ব্যবহারিক ধারণা দেওয়া হবে।

প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় কৃষকদের কৃষি উৎপাদন বাড়ানো, সঠিক ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা তৈরি এবং নিজেদের আর্থিকভাবে আরও স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষকদের উৎসাহিত করতে সনদপত্র, সার, বীজ ও বিভিন্ন কৃষি উপকরণ বিতরণের পরিকল্পনা রয়েছে। এতে প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তবে কাজে লাগিয়ে কৃষকরা নিজ নিজ জমিতে উৎপাদন বাড়াতে পারবেন বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্টরা বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় নানা প্রতিকূলতার মধ্যেও কৃষিকাজের ওপর নির্ভরশীল প্রান্তিক মানুষের জন্য এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ। কৃষকদের পাশে থেকে দক্ষতা উন্নয়নের সুযোগ তৈরি করা গেলে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি তাদের জীবনমানেও ইতিবাচক পরিবর্তন আসতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *