প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালায় নিরাপত্তা জোরদার ও জনসচেতনতা বাড়াতে আলোচনা সভা করেছে বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)। সভায় উপজেলার নয়টি পূজামণ্ডপের প্রতিনিধিরা অংশ নেন।
১২ অক্টোবর সোমবার সকালে বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) সদর দপ্তরের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহম্মদ ইবনে রিয়াজ।
সভায় দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল বাহার চৌধুরী, উপজেলা আনসার ও ভিডিপির সহকারী পরিচালক পুলক সরকার, মেডিকেল অফিসার এম. আবদুল্লাহ আল মামুন এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুজ্জামান সুমনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় বিজিবি অধিনায়ক জানান, দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামীকাল থেকে তিন প্লাটুন বিজিবি সদস্য মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন বলে তিনি উল্লেখ করেন।
সভা শেষে উপজেলার নয়টি পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে আর্থিক অনুদান তুলে দেন ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহম্মদ ইবনে রিয়াজ।
