খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক: খাগড়াছড়ির মহালছড়ি ও সদর উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় একই পরিবারের স্বামী-স্ত্রীসহ তিনজনের মৃত্যু হয়েছে। ২২ আগস্ট শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৃথক দুটি এলাকায় এসব ঘটনা ঘটে।
নিহত দম্পতি হলেন মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের ৩ নম্বর পুনর্বাসন পাড়ার উসিমং মারমা (৫৫) ও তাঁর স্ত্রী চাইয়্যাং মারমা (৪৫)। স্থানীয়রা জানান, সন্ধ্যায় বৃষ্টির সময় উসিমং বাড়ির উঠানে গোসল করছিলেন। এ সময় তাঁর স্ত্রী বাড়ির বারান্দায় কাজ করছিলেন। হঠাৎ বাড়ির ছাদে থাকা বৈদ্যুতিক সোলারে বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
বজ্রপাতের আঘাতে সোলারে আগুন ধরে গেলে তা বাড়িতেও ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। নিহত দম্পতির দুই ছেলে রয়েছে।
মাইসছড়ি পুনর্বাসন এলাকার কার্বারি নয়ন কুমার ত্রিপুরা বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ধ্যার দিকে বজ্রপাতে একই পরিবারের এক দম্পতির মৃত্যু হয়েছে।
নিহত দম্পতির বড় ছেলে আখ্র মারমা বলেন, বৃষ্টির মধ্যে বাবা উঠানে গোসল করছিলেন এবং মা বারান্দায় ছিলেন। তখন ছাদের সোলারে বজ্রপাত হলে দুজনই ঘটনাস্থলে মারা যান।
অন্যদিকে, একই সময়ে খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় বজ্রপাতে মঙ্গল শোভা চাকমা ওরফে বিদেশী চাকমা (৩৮) নামে আরও একজনের মৃত্যু হয়েছে।
খাগড়াছড়ি সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও নুসরাত জাবীন বিষয়টি নিশ্চিত করে বলেন, ভাইবোনছড়ার নোয়াপাড়ায় একজন এবং মহালছড়ির মাইসছড়ি এলাকায় স্বামী-স্ত্রীসহ মোট তিনজন বজ্রপাতে মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
