মাটিরাঙ্গায় ছাত্রদলের মোটরসাইকেল বিক্ষোভ

খাগড়াছড়ি মাটিরাঙ্গা 🏛️ রাজনীতি

জসীম উদ্দিন জয়নাল :

আওয়ামী লীগের নিষিদ্ধ রাজনৈতিক কর্মসূচি প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দাবিতে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মোটরসাইকেল বিক্ষোভ মিছিল করেছে পৌর ও কলেজ ছাত্রদল। ২০ সেপ্টেম্বর রোববার বিকেলে মাটিরাঙ্গা পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকার বিষয়টি বর্তমানে কার্যকর রয়েছে।

বিক্ষোভ মিছিলে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে অংশ নেন। মিছিলটি মাটিরাঙ্গা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিভিন্ন সময়ে ছাত্রলীগের নেতাকর্মীদের হামলা ও ভয়ভীতির কারণে ছাত্রদলের নেতাকর্মীরা হয়রানির শিকার হচ্ছেন। এসব অভিযোগের তদন্ত, রাজনৈতিক সহিংসতা বন্ধ এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা।

বক্তারা বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও হামলা, ভয়ভীতি বা সংঘাতের মাধ্যমে পরিস্থিতি উত্তপ্ত করা উচিত নয়। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তারা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সদস্য মোহাম্মদ দিদার হোসেন, মাটিরাঙ্গা পৌর ছাত্রদল নেতা মো. শাহিন আলম, সাবেক যুগ্ম আহ্বায়ক সোহাগ মিয়া, সাবেক সদস্য মো. মামুন, মো. ইসমাইল হোসেন সুজন, মো. নাজিম উদ্দিন রাজু, ছাত্রনেতা মো. শাহজাহান আলী সাজু, মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা মো. সজিব হোসেন ও কলেজ ছাত্রদল নেতা মো. জুবায়ের হোসেন সুজনসহ অন্যান্য নেতাকর্মীরা।

বিক্ষোভ কর্মসূচি থেকে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ এবং রাজনৈতিক সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *