দীঘিনালায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

🏛️ রাজনীতি খাগড়াছড়ি দীঘিনালা 🎓 শিক্ষা

মো. সোহেল রানা : 

খাগড়াছড়ির দীঘিনালায় নানা আয়োজনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। ৭ নভেম্বর শনিবার  উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার।

দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম বদিউজ্জামাল জীবনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. কামরুজ্জামান সুমন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দীঘিনালা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক মো. সোহেল রানা।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মেহেদী হাসান কাউছার বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার শিক্ষা দেয়। সিপাহি-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমে তৎকালীন মেজর জিয়াউর রহমানকে কারামুক্ত করা হয়েছিল। দিবসটির চেতনা থেকে শিক্ষা নিয়ে দেশের মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে দীঘিনালা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় দেশাত্মবোধক গানসহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *