প্রতিনিধি:
খাগড়াছড়ি শহরের মহাজনপাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ৭ নভেম্বর শনিবার ভোর ৪টার দিকে বাসটির ভেতরে আগুন লাগে। এতে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, আগুন লাগার সময় বাসটির চালকের সহকারী ভেতরে ঘুমিয়ে ছিলেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানান, প্রাথমিকভাবে বাসটিতে দুর্বৃত্তরা আগুন দিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, বিআরটিসির বাসটি খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে চলাচল করে।
