মহালছড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপের প্রশিক্ষণ শুরু

🎓 শিক্ষা খাগড়াছড়ি মহালছড়ি

ছানোয়ার হোসেন :

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-২০২৬ উপলক্ষে গণনাকারী ও সুপারভাইজারদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। ২৭ সেপ্টেম্বর রোববার মহালছড়ি উপজেলায় এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।

প্রশিক্ষণে প্রধান অতিথি ও প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া, চট্টগ্রামের পরিসংখ্যান কর্মকর্তা মধুলিনা মৌ দত্ত।

এ সময় প্রশিক্ষক হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রধান কার্যালয়, ঢাকার কর্মকর্তা মো. শফিকুল ইসলাম শাওন ও মো. শহিদুল শেখ এবং মহালছড়ি উপজেলা কার্যালয়ের জুনিয়র পরিসংখ্যান সহকারী মো. তরিকুল ইসলাম।

তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে মহালছড়ি উপজেলার ৫৭ জন গণনাকারী ও পাঁচজন সুপারভাইজার অংশ নিচ্ছেন। প্রশিক্ষণে জরিপের তথ্য সংগ্রহ, গণনা পদ্ধতি ও মাঠপর্যায়ের কার্যক্রম সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

প্রশিক্ষণ শেষে আগামী ১ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মহালছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপের মাঠপর্যায়ের গণনা কার্যক্রম পরিচালিত হবে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতায় এ জরিপ পরিচালনা করা হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, জরিপের মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগোষ্ঠীর বিভিন্ন সামাজিক ও জনমিতিক তথ্য সংগ্রহ, সংরক্ষণ এবং ভবিষ্যৎ পরিকল্পনায় ব্যবহারের জন্য একটি তথ্যভান্ডার তৈরি করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *