
প্রতিনিধি: ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ-এর খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. নুর ইসলাম তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। ৭ ফেব্রুয়ারি শনিবার সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ইশতেহার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
ইশতেহারে পাহাড়ি অঞ্চলে শান্তি, সামাজিক সম্প্রীতি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার অঙ্গীকার তুলে ধরা হয়। এতে ভূমি অধিকার সুরক্ষা, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির অবাস্তবায়িত ধারাসমূহ বাস্তবায়ন এবং পাহাড়ে বসবাসকারী সকল জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়।
এছাড়া কৃষি খাতের উন্নয়নে আধুনিক হিমাগার স্থাপন, ফল প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলা এবং প্রান্তিক কৃষকদের জন্য সুদমুক্ত ঋণ সুবিধা চালুর কথা উল্লেখ করা হয়। প্রতিটি উপজেলায় আইটি ও কারিগরি শিক্ষা কেন্দ্র স্থাপন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষাভিত্তিক শিক্ষা সম্প্রসারণের পরিকল্পনাও ইশতেহারে স্থান পেয়েছে।
যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে সাজেকসহ দুর্গম সড়ক উন্নয়ন, পর্যটন কেন্দ্রগুলোর আধুনিকায়ন, প্রত্যন্ত এলাকায় উচ্চগতির ইন্টারনেট সংযোগ এবং খাগড়াছড়ি সদর হাসপাতাল আধুনিকায়নের প্রতিশ্রুতিও দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ-এর কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :