প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়িতে প্রান্তিক জনগোষ্ঠীর শিশু ও পরিবারের পুষ্টি ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ‘Access to and Utilization of Lifesaving Services by Marginalized Communities in Chittagong Hill Tracts in Bangladesh’ শীর্ষক প্রকল্পের উপজেলা পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ আগস্ট বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে হেলেন কেলার ইন্টারন্যাশনালের সহযোগিতায় এবং জাবারাং কল্যাণ সমিতির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভূঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, উন্নয়ন প্রকল্প সফলভাবে বাস্তবায়নে সরকারি দপ্তর, বেসরকারি সংস্থা ও স্থানীয় জনগণের মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন। নিয়মিত তথ্য আদান-প্রদান ও পারস্পরিক সহযোগিতা থাকলে প্রকৃত উপকারভোগীদের কাছে দ্রুত সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।
তিনি বলেন, পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন সংস্থাগুলোর অংশীদারিত্ব বাড়লে টেকসই উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর হবে।
সভায় জাবারাং কল্যাণ সমিতির উপজেলা কো-অর্ডিনেটর উসুইহলা মারমা পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম, বাস্তবায়ন কৌশল ও প্রত্যাশিত ফলাফল তুলে ধরেন।
সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও উন্নয়নকর্মীরা প্রকল্পের আওতায় পরিচালিত MUAC স্ক্রিনিং, তথ্য সংগ্রহ এবং দুর্গম এলাকায় কার্যক্রম বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে মতামত দেন। প্রকল্প বাস্তবায়নে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় আরও বাড়ানোর পরামর্শ দেন তারা।
আয়োজকরা জানান, প্রকল্পটির মাধ্যমে ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী শিশু এবং তাদের পরিবারের পুষ্টিগত অবস্থা, স্বাস্থ্যগত সহনশীলতা ও সামগ্রিক কল্যাণ উন্নয়নে কাজ করা হবে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ ও প্রান্তিক পরিবারকে প্রয়োজনীয় জীবনরক্ষাকারী সেবার সঙ্গে যুক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিনাত আলম, উপজেলা কৃষি কর্মকর্তা জহির রায়হান, উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব, মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুল আলমসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, হেডম্যান, কার্বারি ও কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।
