মাটিরাঙ্গায় এতিম শিক্ষার্থীর পড়ালেখার দায়িত্ব নিলেন জোন কমান্ডার

খাগড়াছড়ি মাটিরাঙ্গা 🎓 শিক্ষা

জসীম উদ্দিন জয়নাল: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাইল্যাছড়ি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এতিম শিক্ষার্থী চাইন্দারী মারমার পড়ালেখার যাবতীয় খরচ বহনের দায়িত্ব নিয়েছেন মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, পিএসসি। আর্থিক সংকটে পড়াশোনা বন্ধ হওয়ার আশঙ্কায় থাকা শিক্ষার্থীর পাশে দাঁড়িয়ে তিনি এ সহায়তার উদ্যোগ নেন।

২৫ আগস্ট মঙ্গলবার দুপুরে মাটিরাঙ্গা জোনের উদ্যোগে শিক্ষার্থী চাইন্দারী মারমার শিক্ষাজীবনের প্রয়োজনীয় ব্যয় বহনের দায়িত্ব গ্রহণ করেন জোন কমান্ডার। এ সময় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল, পিএসসি উপস্থিত ছিলেন।

জানা গেছে, চাইন্দারী মারমা মাটিরাঙ্গা উপজেলার একজন এতিম শিক্ষার্থী। পারিবারিক অসচ্ছলতার কারণে তার পড়াশোনা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছিল। বিষয়টি জোন কমান্ডারের নজরে এলে তিনি শিক্ষার্থীর পাশে দাঁড়িয়ে তার শিক্ষাজীবন অব্যাহত রাখতে প্রয়োজনীয় সহযোগিতার দায়িত্ব নেন।

সহায়তা পেয়ে চাইন্দারী মারমা ও তার পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এই সহযোগিতার ফলে তার পড়াশোনা চালিয়ে যাওয়ার পথ অনেকটা সহজ হয়েছে। ভবিষ্যতে সে আরও ভালোভাবে পড়াশোনা করে নিজের স্বপ্ন পূরণ করতে পারবে বলে তারা আশা প্রকাশ করেন।

স্থানীয়রা বলেন, সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীর শিক্ষার দায়িত্ব নেওয়ার এ উদ্যোগ প্রশংসনীয়। এ ধরনের মানবিক কর্মকাণ্ড সমাজের অন্যান্য সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্যও অনুপ্রেরণা সৃষ্টি করবে।

মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, পিএসসি বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা যাতে আর্থিক সংকটের কারণে পড়াশোনা থেকে ঝরে না পড়ে, সে লক্ষ্যেই চাইন্দারী মারমার শিক্ষাজীবনের প্রয়োজনীয় দায়িত্ব নেওয়া হয়েছে। ভবিষ্যতেও তার পড়াশোনা চালিয়ে যেতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *