দীঘিনালায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

খাগড়াছড়ি অর্থনীতি দীঘিনালা

মো. সোহেল রানা: খাগড়াছড়ির দীঘিনালায় ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ আগস্ট রোববার উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ র‍্যালির উদ্বোধন করেন।

র‍্যালি শেষে উপজেলা অডিটোরিয়াম সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা শরৎ কুমার ত্রিপুরা। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল বাহার চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান চন্দ্ররঞ্জন চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জ্ঞান জ্যোতি চাকমাসহ সংশ্লিষ্টরা।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ বলেন, সরকারি সুযোগ-সুবিধা প্রকৃত মৎস্যচাষি ও মৎস্যজীবীদের কাছে পৌঁছে দিতে কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষে উৎসাহ দেওয়ার পাশাপাশি মৎস্যসম্পদ সংরক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

উপজেলা পরিষদ চেয়ারম্যান চন্দ্ররঞ্জন চাকমা বলেন, সরকার মৎস্যজীবীদের প্রতি বছর দুই মাসের জন্য ২০ কেজি করে খাদ্য সহায়তা দিয়ে থাকে। তবে চাহিদার তুলনায় এ সহায়তা কম। তিনি সহায়তার পরিমাণ বাড়িয়ে দুই মাসে অন্তত ৫০ কেজি করার দাবি জানান।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন বলেন, অতীতে মৎস্য কার্ড বিতরণ ও সরকারি সহায়তা প্রদানের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ ছিল। প্রকৃত মৎস্যচাষি ও মৎস্যজীবীরা যাতে সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হন, সেদিকে সংশ্লিষ্টদের নজর দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *