মো. সোহেল রানা: ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম আবির্ভাব তিথি জন্মাষ্টমী উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালায় মঙ্গল শোভাযাত্রা ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টায় দীঘিনালা কেন্দ্রীয় শ্রীশ্রী সনাতন মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের করা হয়।
শোভাযাত্রাটি দীঘিনালা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মন্দির প্রাঙ্গণে ফিরে আসে। এতে সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও রাজনৈতিক নেতাকর্মীরা অংশ নেন।
পরে শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ, দীঘিনালা উপজেলা শাখার সভাপতি সুশীল জীবন ত্রিপুরার সভাপতিত্বে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দীঘিনালা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আল আমিন, পিএসসি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য শান্তপ্রিয় চাকমা, দীঘিনালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন এবং দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী। এ ছাড়া জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মিন্টু, দীঘিনালা শিব মন্দির কমিটির সভাপতি নরেন্দ্র লাল ত্রিপুরা ও সাধারণ সম্পাদক শিবু দেসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা ভগবান শ্রীকৃষ্ণের জীবনাদর্শ থেকে ন্যায়, সত্য ও মানবতার শিক্ষা গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শোভাযাত্রা, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দীঘিনালায় জন্মাষ্টমী উদযাপন করা হয়।
