মাটিরাঙ্গায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আমন ধান ও সবজি বীজ বিতরণ

খাগড়াছড়ি কৃষি মাটিরাঙ্গা

জসীম উদ্দিন জয়নাল : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ, সবজির বীজ ও সার বিতরণ করা হয়েছে। ৩০ জুলাই বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচির আওতায় ৫০০ জন কৃষকের মাঝে উফশী জাতের আমন ধানের বীজ এবং ৪০০ জন কৃষকের মাঝে গ্রীষ্মকালীন সবজির বীজ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাহাবুদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু। তিনি উপকারভোগী কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন।

এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুমেন চাকমা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সেলিম রানা, কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা, উপকারভোগী কৃষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাহাবুদ্দিন আহমেদ জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি করে আমন ধানের বীজ দেওয়া হয়েছে। এছাড়া ৪০০ জন কৃষককে সাত ধরনের গ্রীষ্মকালীন সবজির বীজের পাশাপাশি ১৫ কেজি করে ডিএপি এবং ১৫ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়েছে। কৃষকদের পুনর্বাসন এবং কৃষি উৎপাদন দ্রুত স্বাভাবিক করতে এ সহায়তা দেওয়া হয়েছে বলে তিনি জানান।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু বলেন, বর্তমান সরকার প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি কৃষকদের বিতরণকৃত বীজ ও সার যথাযথভাবে ব্যবহার করে সময়মতো আবাদ সম্পন্ন করার আহ্বান জানান এবং কৃষকদের কল্যাণে প্রশাসনের সহায়তা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *