মো. সোহেল রানা :
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের জপুই বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সভা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৩১ অক্টোবর শনিবার বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)-এর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকীর নির্দেশনায় জপুই বিওপির কমান্ডার নায়েব সুবেদার মো. ফারুক হোসেন সভায় নেতৃত্ব দেন।
এ সময় স্থানীয় হেডম্যান দহিন্দ্র ত্রিপুরা এবং জপুই পাড়ার কারবারি (গ্রামপ্রধান) শুভাষ ত্রিপুরাসহ স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় সীমান্ত হত্যা, অবৈধ অনুপ্রবেশ, মাদকদ্রব্য পাচার এবং অস্ত্র চোরাচালান প্রতিরোধসহ সীমান্ত এলাকার বিভিন্ন সমস্যা ও নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়। এসব অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণকে সচেতন থাকার পাশাপাশি বিজিবিকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
