মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে নাইক্ষ্যংছড়ির এক যুবক আহত

পার্বত্য চট্টগ্রাম অপরাধ বান্দরবান

মোহাম্মদ ইউনুছ : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তসংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে স্থলমাইন বিস্ফোরণে আব্দুল করিম (২৫) নামে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন। ২৮ জুলাই মঙ্গলবার দুপুরে জারুলিয়াছড়ি সীমান্তের ওপারে এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আহত আব্দুল করিম নাইক্ষ্যংছড়ি উপজেলার জারুলিয়াছড়ি এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বিস্ফোরণে তার বাম পায়ের হাঁটুর নিচের অংশ গুরুতর ক্ষতিগ্রস্ত হয়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) জারুলিয়াছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের ৪৬-৪৭ নম্বর পিলারের মধ্যবর্তী এলাকা থেকে প্রায় ১০০ মিটার ভেতরে মিয়ানমারের গরবিটা এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, আব্দুল করিম আরও কয়েকজনের সঙ্গে সীমান্ত অতিক্রম করার পর এ দুর্ঘটনা ঘটে।

নাইক্ষ্যংছড়ি থানা সূত্র জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মিয়ানমারের অভ্যন্তরে পুঁতে রাখা একটি স্থলমাইনে পা পড়ায় বিস্ফোরণটি ঘটে। বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে।

নাইক্ষ্যংছড়ি থানা এলাকার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা মো. কামাল মিয়া বলেন, আহত যুবককে দ্রুত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, ঘটনাটি মিয়ানমারের অভ্যন্তরে ঘটেছে বলে জানা গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় রেখে নজরদারি অব্যাহত রয়েছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এনামুল হাসান বলেন, ঘটনার বিষয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছে। পাশাপাশি সীমান্তবর্তী ঝুঁকিপূর্ণ এলাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, নাইক্ষ্যংছড়ি সীমান্তের বিভিন্ন এলাকায় অতীতেও একাধিকবার মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ হতাহত হয়েছেন। তাই সীমান্ত এলাকায় নিরাপত্তা ও জনসচেতনতা আরও জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *