হাটহাজারীতে আইনশৃঙ্খলা সভায় অপরাধ দমনে কঠোর অবস্থানের ঘোষণা

পার্বত্য চট্টগ্রাম অপরাধ ব্রেকিং নিউজ 🏛️ রাজনীতি

মো. রেজুয়ান খান : অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই উল্লেখ করে অন্যায় ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।

২৯ জুলাই বুধবার  রাতে হাটহাজারী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিশেষ আইনশৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, অপরাধী যে দলের বা পরিচয়েরই হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। চাঁদাবাজি, সন্ত্রাস বা অন্য যেকোনো অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং রাজনৈতিক পরিচয় কোনোভাবেই দায়মুক্তির কারণ হতে পারে না।

তিনি জানান, সম্প্রতি হাটহাজারীতে সংঘটিত একটি চাঁদাবাজির ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।

ব্যারিস্টার মীর হেলাল বলেন, রাজনৈতিক পরিচয়ের অপব্যবহার করে কেউ অপরাধে জড়ালে তাকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্বৃত্তায়নের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *