নাঈমুল ইসলাম ভূঁইয়া:
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে আলোচনা সভা, কেক কাটা ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণে জেলা জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে জেলা ও উপজেলা পর্যায়ের সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। আলোচনা সভায় বক্তারা সংগঠনকে আরও সুসংগঠিত করার পাশাপাশি জনসম্পৃক্ততা বাড়ানো এবং সাধারণ মানুষের পাশে থাকার গুরুত্ব তুলে ধরেন।
বক্তারা বলেন, গণতন্ত্র ও নাগরিক অধিকার বিষয়ে জনসচেতনতা তৈরিতে নারী সমাজের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। পাশাপাশি নারীর অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি কোহেলী দেওয়ান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক তাসলিমা সিরাজ সীমা।
এ সময় জেলা বিএনপির নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী মহিলা দলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এ সময় দেশ ও জনগণের কল্যাণ, গণতান্ত্রিক পরিবেশ এবং সংগঠনের সফলতা কামনা করা হয়।
