মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৯০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

খাগড়াছড়ি মহালছড়ি

 

ছানোয়ার হোসেন : খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন এবং চলতি আমন মৌসুমে কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে আমন ধানের বীজ, বিভিন্ন ধরনের সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ২৭ জুলাই সোমবার বিকেলে উপজেলার মাইসছড়ি ইউনিয়ন এবং মহালছড়ি সদর ইউনিয়নের চৌংড়াছড়ি মগপাড়া এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার চারটি ইউনিয়নের মোট ৯০০ জন বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে পর্যায়ক্রমে এসব কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান সঞ্চালকের দায়িত্ব পালন করেন। এতে সভাপতিত্ব করেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফানুল হক চৌধুরী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নাসির উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য কংজাপ্রু মারমা। এছাড়া সহকারী কৃষি কর্মকর্তা সুব্রত চৌধুরী, উপসহকারী কৃষি কর্মকর্তা নিউল্লা মারমাসহ কৃষি বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং স্থানীয় কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত ঘুরে দাঁড়াতে এবং আমন আবাদে গতি আনতে সরকারের এই প্রণোদনা কর্মসূচি কার্যকর ভূমিকা রাখবে। উন্নতমানের বীজ ও প্রয়োজনীয় সার সময়মতো সরবরাহের ফলে কৃষকরা পুনরায় চাষাবাদে উৎসাহিত হবেন এবং খাদ্য উৎপাদনও বৃদ্ধি পাবে বলে তারা আশা প্রকাশ করেন।

কৃষি বিভাগ জানায়, প্রণোদনা কর্মসূচির আওতায় প্রতিটি কৃষককে উন্নত জাতের আমন ধানের বীজ, সাত ধরনের সবজি বীজ এবং ৩০ কেজি রাসায়নিক সার দেওয়া হচ্ছে।

উপকারভোগী কৃষকরা সরকারের এ সহায়তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই প্রণোদনা বন্যার ক্ষতি কাটিয়ে পুনরায় কৃষিকাজ শুরু করতে তাদের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *