মাটিরাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

খাগড়াছড়ি পরিবেশ মাটিরাঙ্গা

জসীম উদ্দিন জয়নাল :

দুর্যোগের ঝুঁকি কমানো এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। ১৩ অক্টোবর মঙ্গলবার ‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণবিষয়ক সচেতনতামূলক মহড়ার আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট দপ্তরের উদ্যোগে সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু।

আলোচনা সভায় দুর্যোগ প্রস্তুতি, ঝুঁকি হ্রাস এবং দুর্যোগের আগে ও পরে করণীয় বিষয়ে আলোচনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহম্মেদ। দুর্যোগ মোকাবিলায় সাধারণ মানুষের প্রস্তুতি ও সচেতনতার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও উম্মে তাহমিনা মিতু বলেন, বাংলাদেশে বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিধসসহ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগে প্রতিবছর জানমালের ক্ষতি হয়। বিশেষ করে পাহাড়ি এলাকায় বসবাসকারীদের ঝুঁকি কমাতে পাহাড় কাটা থেকে বিরত থাকা এবং দুর্যোগের পূর্বাভাস অনুযায়ী সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া জরুরি।

তিনি আরও বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম সতর্কবার্তা, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করা এবং মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর বিকল্প নেই। দুর্যোগ মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবির পাটোয়ারী, সমাজসেবা কর্মকর্তা মো. মোশারফ হোসেন, আইসিটি কর্মকর্তা রাজীব রায় চৌধুরী, মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক, ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. হারুন উর রশীদ, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি জসীম উদ্দিন জয়নাল ও সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিসের সদস্য এবং গণমাধ্যমকর্মীরা।

উল্লেখ্য, দুর্যোগের ঝুঁকি হ্রাসে আন্তর্জাতিক পর্যায়ে সচেতনতা ও প্রস্তুতি বাড়ানোর লক্ষ্যে প্রতিবছর ১৩ অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়। দিবসটির মাধ্যমে ব্যক্তি, পরিবার ও সমাজ পর্যায়ে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি জোরদার করার গুরুত্ব তুলে ধরা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *