মাটিরাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

খাগড়াছড়ি মাটিরাঙ্গা

 

জসীম উদ্দিন জয়নাল :‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। ৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০টায় মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে কর্মসূচির শুরু হয়। উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু। সভাটি সঞ্চালনা করেন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আরিফুল ইসলাম।

আলোচনা সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল মোল্লা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা আইসিটি কর্মকর্তা রাজীব রায় চৌধুরী, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু বলেন, সাক্ষরতা মানুষের শুধু পড়া ও লেখার সক্ষমতা অর্জনের বিষয় নয়। জ্ঞান, দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ব্যক্তি ও সমাজের উন্নয়নেও সাক্ষরতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি বলেন, সমাজের প্রতিটি মানুষের কাছে শিক্ষার সুযোগ ও সাক্ষরতার আলো পৌঁছে দিতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এসব উদ্যোগ সফল করতে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি শিক্ষক, অভিভাবক এবং সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, শিক্ষিত ও সচেতন জনগোষ্ঠী একটি দেশের উন্নয়নের অন্যতম প্রধান শক্তি। তাই নিরক্ষরতামুক্ত সমাজ প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় বক্তারা আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের তাৎপর্য তুলে ধরেন। একই সঙ্গে শিক্ষা বিস্তার, সাক্ষরতার হার বৃদ্ধি এবং সমাজে শিক্ষার গুরুত্ব আরও জোরালোভাবে তুলে ধরতে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *