মো. ইসমাইল হোসেন :
হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র ও জীববৈচিত্র্য রক্ষায় নদীপাড়ের বাসিন্দাদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাঁদের মতে, নদীর মাছ ও জলজ প্রাণীর সুরক্ষায় কৃষিজমিতে মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহার বন্ধ, অবৈধ জাল দিয়ে মাছ ধরা এবং বিষ প্রয়োগের মতো ক্ষতিকর কর্মকাণ্ড প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
১৩ অক্টোবর মঙ্গলবার সকালে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত এক উদ্বুদ্ধকরণ কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও মৎস্যসম্পদ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে অংশীজনদের নিয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা মৎস্য কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক ড. সুমন বড়ুয়া।
এ সময় বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রিপন হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জামাল উদ্দিন সরকার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাংবাদিক আবদুল মান্নান, যোগ্যাছোলা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল মান্নান, বাজার পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আমিরুল ইসলাম রকি, সাবেক ইউপি সদস্য আবদুল মান্নান, শিক্ষক নাহিদা আক্তার এবং সংবাদকর্মী চিংওয়ামং মারমা মিন্টুসহ অন্যরা।
কর্মশালায় বক্তারা বলেন, হালদা নদীর পরিবেশ ও মৎস্যসম্পদ নানা ধরনের কর্মকাণ্ডের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। নদীতে বর্জ্য ফেলা, অবৈধভাবে বালু উত্তোলন, বাঁধ নির্মাণ এবং নিষিদ্ধ জাল ও বিষ ব্যবহার করে মাছ ধরার মতো কর্মকাণ্ড জলজ পরিবেশের জন্য ক্ষতিকর।
তাঁরা আরও বলেন, নদীর আশপাশের কৃষিজমিতে অপরিকল্পিতভাবে কীটনাশক প্রয়োগের ফলে বৃষ্টির পানি ও অন্যান্য প্রবাহের মাধ্যমে রাসায়নিক পদার্থ নদীতে মিশে পানির গুণগত মান এবং জলজ প্রাণীর ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। এ ধরনের ক্ষতি কমাতে কৃষকদের কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী কীটনাশক ব্যবহার করতে হবে।
বক্তারা হালদা নদীর গুরুত্ব সম্পর্কে স্থানীয় জনগোষ্ঠীকে সচেতন করার পাশাপাশি নদী সংরক্ষণ কার্যক্রমে তাঁদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে নদীদূষণ ও অবৈধ মাছ শিকার প্রতিরোধে সংশ্লিষ্ট দপ্তর, জনপ্রতিনিধি, কৃষক, জেলে এবং স্থানীয় বাসিন্দাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
কর্মশালায় হালদার প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা, মৎস্যসম্পদের টেকসই সংরক্ষণ এবং নদীনির্ভর মানুষের মধ্যে দায়িত্বশীল আচরণ গড়ে তোলার বিষয়ে বিভিন্ন পরামর্শ তুলে ধরা হয়।
