খাগড়াছড়িতে আন্তঃউপজেলা ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

খাগড়াছড়ি ⚽ খেলাধুলা খাগড়াছড়ি সদর 🎓 শিক্ষা

প্রতিনিধি: 

খাগড়াছড়িতে শুরু হয়েছে বাঁশরী ওয়াদুদ আন্তঃউপজেলা ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬। ১১ অক্টোবর রোববার  বিকেলে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয়। পরে পায়রা ও বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

খাগড়াছড়ি জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তুহিন কুমার দে।

প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূইয়া বলেন, তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার চর্চা বাড়ানো প্রয়োজন। পড়াশোনার পাশাপাশি ক্রীড়াঙ্গনে তরুণদের অংশগ্রহণ তাদের সুস্থ বিকাশে ভূমিকা রাখে। তিনি আরও বলেন, তরুণদের খেলাধুলার সুযোগ বাড়াতে সরকার প্রতিটি উপজেলায় খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নিচ্ছে।

অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এম এন আবছার, জেলা পরিষদ সদস্য রুমেল মারমা, মোশারফ হোসেন ও ক্যরী মারমা উপস্থিত ছিলেন। এ ছাড়া জেলা মহিলা দলের সভানেত্রী ও জেলা পরিষদ সদস্য কুহেলী দেওয়ান, তাছলিমা আক্তার সিমাসহ জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ফুটবলপ্রেমীরা অনুষ্ঠানে অংশ নেন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের প্রতিযোগিতায় মোট নয়টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে মাটিরাঙ্গা একাদশের মুখোমুখি হয় মানিকছড়ি একাদশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *