বাঘাইছড়িতে বিজিবির অভিযানে সাড়ে ৪ লাখ টাকার সেগুন কাঠ জব্দ

অপরাধ রাঙামাটি

 

ইমরান হোসেন জুমান, বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৯৯ দশমিক ৭১ ঘনফুট অবৈধ সেগুন কাঠ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা কাঠের জব্দমূল্য ৪ লাখ ৪৮ হাজার ৬৯৫ টাকা। ১০ অক্টোবর শনিবার  বেলা ১১টার দিকে উপজেলার মডেল টাউন এলাকায় মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় রিভারঘাট পোস্টের কমান্ডার হাবিলদার সমরেন্দ্র সিংহের নেতৃত্বে একটি টহল দল মডেল টাউন এলাকায় অভিযান চালায়। এ সময় সেখানে মালিকবিহীন অবস্থায় সেগুন কাঠগুলো পাওয়া যায়। পরে কাঠগুলো উদ্ধার করে জব্দ করা হয়।

মারিশ্যা জোনের (২৭ বিজিবি) জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি জানান, দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে বিজিবি। চোরাচালানের বিভিন্ন প্রচেষ্টা ঠেকাতে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি আভিযানিক টহল অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *