প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৬ শিক্ষাবর্ষে পরিচালিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার রামগড় বিজিবি জোনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন রামগড় জোন কমান্ডার ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আহসান উল ইসলাম, বিজিওএম, পিএসসি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল মোঃ আহসান উল ইসলাম বলেন, রামগড় বিজিবি জোন নিয়মিত অপারেশনাল কার্যক্রম পরিচালনার পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন এবং স্থানীয় জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
তিনি বলেন, এরই ধারাবাহিকতায় রামগড় জোন সদর কর্তৃক পরিচালিত রামগড় সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের মাধ্যমে বেকার যুবক-যুবতীদের বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এসব প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা দক্ষতা অর্জন করে কর্মসংস্থানের সুযোগ তৈরি করার পাশাপাশি দেশের আর্থ-সামাজিক উন্নয়নেও ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, রামগড় বিজিবি জোনের দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে এসব কার্যক্রমের ধারাবাহিকতা বজায় থাকবে।
অনুষ্ঠানে বিজিবির কর্মকর্তা, প্রশিক্ষক, প্রশিক্ষণার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
