নাঈমুল ইসলাম ভূঁইয়া :
খাগড়াছড়ি সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার কলেজ প্রাঙ্গণে ‘নবীন বরণ ও বিদায় সংবর্ধনা-২০২৬’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁইয়া। কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. সরাফত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আবদুল ওয়াদুদ ভূঁইয়া নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান এবং বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। তিনি বলেন, স্মার্ট ও উন্নত বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে শিক্ষিত ও দক্ষ হিসেবে গড়ে উঠতে হবে। পার্বত্য অঞ্চলের শিক্ষাব্যবস্থার উন্নয়নে সরকার কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক মো. সরাফত হোসেন শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সৎ, দেশপ্রেমিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
