মো. সোহেল রানা: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় টানা ভারী বৃষ্টিতে কয়েকটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ২২ আগস্ট শনিবার রাতে ভারী বর্ষণের পর মেরুং, কবাখালী ও বোয়ালখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় পানি উঠে যায়। এতে দীঘিনালা-লংগদু ও দীঘিনালা-সাজেক সড়কের কয়েকটি অংশ পানিতে তলিয়ে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
মেরুং ইউনিয়নের বাঁচা মেরুং স্টিল ব্রিজ এলাকায় সড়ক ও ব্রিজের ওপর পানি ওঠায় দীঘিনালা-লংগদু সড়কে যোগাযোগ বন্ধ রয়েছে। অন্যদিকে কবাখালী ইউনিয়নের মাইনী ব্রিজসংলগ্ন কবরস্থান এলাকায় সড়ক পানিতে ডুবে যাওয়ায় দীঘিনালা-সাজেক সড়কেও যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে সাজেকগামী শত শত পর্যটক দুর্ভোগে পড়েছেন।
স্থানীয় সূত্র ও প্রশাসন জানায়, পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ৫০০ পরিবার। হঠাৎ পানি বেড়ে যাওয়ায় অনেক পরিবার বিপাকে পড়েছে।
কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা বলেন, রাতে টানা ভারী বৃষ্টির পর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ইউনিয়নের নিম্নাঞ্চলের বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। এতে শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়ে। পরিস্থিতির আরও অবনতি হলে বন্যা মোকাবিলায় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি রাখা হয়েছে।
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ বলেন, ভারী বৃষ্টির কারণে উজান থেকে নেমে আসা পানিতে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। একই কারণে দীঘিনালা-লংগদু ও দীঘিনালা-সাজেক সড়কের যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে।
তিনি আরও বলেন, পরিস্থিতি অবনতির দিকে গেলে বন্যা মোকাবিলায় উপজেলা প্রশাসন প্রস্তুত রয়েছে। পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা তৈরি করে প্রয়োজন অনুযায়ী সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হবে।
