প্রতিনিধি:
খাগড়াছড়ি পার্বত্য জেলার শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি, শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী এবং নারীদের আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ২৩ সেপ্টেম্বর বুধবার খাগড়াছড়ি পৌর টাউন হলে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ৪৯৩ জন কলেজ শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে এবং ২৮৫ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ১৫ হাজার টাকা করে মোট ৭৭৮ জনের মাঝে ৯২ লাখ ৫ হাজার টাকার শিক্ষা বৃত্তি দেওয়া হয়।
এ ছাড়া জেলার ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী এবং খাগড়াছড়ি সদর উপজেলার ১০ জন নারীর হাতে ১০টি সেলাই মেশিন তুলে দেওয়া হয়। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড জানিয়েছে, পর্যায়ক্রমে জেলার নয়টি উপজেলায় ৯০ জন নারীর মাঝে মোট ৯০টি সেলাই মেশিন বিতরণ করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষাই একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির অন্যতম প্রধান ভিত্তি। অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে পাহাড়ের কোনো শিক্ষার্থী যাতে পড়াশোনা থেকে ঝরে না পড়ে, সে বিষয়ে শিক্ষা সহায়তা অব্যাহত রাখার কথা জানান তিনি। একই সঙ্গে নারীদের আত্মনির্ভরশীল করতে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান (যুগ্ম সচিব) শেখ ছালেহ্ আহাম্মদ। এ সময় বক্তব্য দেন ২৯৮ নম্বর খাগড়াছড়ি সংসদীয় আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা এবং পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার সুযোগ বাড়াতে শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সরঞ্জামসহ বিভিন্ন সহায়তা দেওয়া প্রয়োজন। একই সঙ্গে নারী-পুরুষের অংশগ্রহণ বাড়িয়ে আত্মনির্ভরশীলতা ও কর্মসংস্থানের সুযোগ তৈরির ওপরও গুরুত্বারোপ করা হয়।
তারা আশা প্রকাশ করেন, শিক্ষা বৃত্তি শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে সহায়তা করবে এবং মাল্টিমিডিয়া সামগ্রী শিক্ষাপ্রতিষ্ঠানে প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রমে ভূমিকা রাখবে। অন্যদিকে সেলাই মেশিন নারীদের আয় ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরিতে সহায়ক হবে।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, উপকারভোগী নারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির অর্থ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী এবং নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
পরে প্রতিমন্ত্রী খাগড়াছড়ি সদর উপজেলার গিরিফুল শিশু সদনের ছাত্রাবাস, সদর উপজেলার বেতছড়ি মুখ খালের ওপর নির্মিত সেতু এবং দীঘিনালা উপজেলার জোড়াব্রিজ এলাকায় একটি নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।
